চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুরে অবস্থিত আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড ফ্যাক্টরিতে ডাকাতি চেষ্টার ঘটনা ঘটেছে।
সোমবার (১৩ এপ্রিল) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে ২০-২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ফ্যাক্টরির পূর্ব পাশে অতর্কিত হামলা চালায়। ডাকাতরা ফ্যাক্টরির ভেতর থেকে তামা, পিতল, মোটর ও বৈদ্যুতিক ক্যাবলসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে পালানোর চেষ্টা করে।
এ সময় দায়িত্বরত আনসার সদস্যরা বাধা দিলে ডাকাত দল তাদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে আনসার সদস্যরা চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে ডাকাতরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে আনসার পি.সি মো. স্বপন বেপারীর নেতৃত্বে একটি দল সাহসিকতার সঙ্গে ধাওয়া করে তিনজন ডাকাতকে হাতেনাতে আটক করে।
তবে বাকি ডাকাতরা কিছু মালামাল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃতদের কাছ থেকে ডাকাতি হওয়া বৈদ্যুতিক কাটা ক্যাবল, দেশীয় কিরিচ ও রামদা উদ্ধার করা হয়েছে।
ঘটনার পরপরই ফ্যাক্টরির নিরাপত্তা টিম ও আনসার সদস্যরা পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।