পহেলা বৈশাখে চট্টগ্রামে দেড় কিলোমিটারজুড়ে বর্ণিল আল্পনা, সম্প্রীতির বার্তা জেলা প্রশাসনের

আগামীকাল (মঙ্গলবার) পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নগরের সড়কে প্রায় দেড় কিলোমিটারজুড়ে ব্যতিক্রমধর্মী আল্পনা অঙ্কনের আয়োজন সম্পন্ন হয়েছে।

চট্টগ্রাম নগরের সার্কিট হাউস থেকে শুরু হয়ে লাভলেইন ও কাজীর দেউড়ি হয়ে ঐতিহ্যবাহী ডিসি হিল পর্যন্ত বিস্তৃত এই বর্ণিল আয়োজন উৎসবমুখর পরিবেশে শেষ করে জেলা প্রশাসন।

রবিবার (১২ এপ্রিল) রাত ১১টায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আনুষ্ঠানিকভাবে এই আল্পনা অঙ্কনের উদ্বোধন করেন। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির শিক্ষার্থী ও শিল্পীরা অংশ নেন। তারা লতাপাতা, ফুল, পাখি ও বিভিন্ন লোকজ মোটিফের মাধ্যমে বাঙালির ঐতিহ্য ফুটিয়ে তোলেন।

উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, এই দেড় কিলোমিটার আল্পনার মতোই সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকেও রঙিন ও সুন্দর করে গড়ে তোলার প্রত্যাশা রয়েছে। তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণেই উৎসবের প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায় এবং এই আয়োজন সেই সম্প্রীতির প্রতীক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হোসেন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরীফ উদ্দিন ও মো. সাইদুজ্জামান পাঠানসহ অন্যান্য কর্মকর্তারা।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। ক্রাইম ডিভিশন, ডিবি, কাউন্টার টেরোরিজম ইউনিট এবং সিটি স্পেশাল ব্রাঞ্চ মাঠে দায়িত্ব পালন করবে।

এছাড়া জেলা প্রশাসকের কন্যাও এ আয়োজনে অংশ নিয়ে আল্পনা অঙ্কনে যোগ দেন, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।