চট্টগ্রামে সীতাকুন্ডের শিপপুর এলাকায় রাতে বাড়ি থেকে ডেকে আ.লীগ নেতা শামীমকে পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা , আটক ২

চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া তালতলা বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. শামীম (৪০) সীতাকুণ্ড পৌরসভা আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক এবং দক্ষিণ শিবপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতে শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে দুর্বৃত্তরা তাকে বেধড়ক মারধর ও কুপিয়ে হত্যা করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের ভাই মোহাম্মদ সেলিম জানান, প্রায় ১৫ দিন আগে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে শামীমের বিরোধ হয়েছিল। ওই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম জানান, এটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়; পূর্বশত্রুতার জেরেই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তদন্ত চলমান রয়েছে।