পতেঙ্গায় লাইসেন্সবিহীন অকটেন মজুদ, দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা এলাকায় লাইসেন্সবিহীনভাবে বিপুল পরিমাণ অকটেন মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং প্রায় ২,৪৮০ লিটার অকটেন বাজেয়াপ্ত করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকাল ৩টা ৪৫ মিনিটে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তালতলা এলাকার হাফেজ মোবারক আলী শাহ ট্রেডার্সে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেয়।

অভিযানে দোকান মালিক জয়নাল আবেদিনের কাছ থেকে ১১টি ড্রাম (প্রতি ড্রাম ২০০ লিটার) ও ১৪টি প্লাস্টিক জার (প্রতি জার ২০ লিটার) মিলিয়ে আনুমানিক ২,৪৮০ লিটার অকটেন উদ্ধার করা হয়। তিনি লাইসেন্স ছাড়াই অকটেন মজুদের কথা স্বীকার করেন এবং বৈধ কোনো ক্রয়রশিদ দেখাতে পারেননি।

ভ্রাম্যমাণ আদালত বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ৪(খ) ধারা লঙ্ঘনে ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা লঙ্ঘনে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করে। একইসঙ্গে পেট্রোলিয়াম আইন অনুযায়ী জব্দকৃত অকটেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয় এবং তা নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।