ফটিকছড়ির ভূজপুরে ব্রি/ক ফিল্ডের গ/র্তে পড়ে মাদ্রাসার ২ শিক্ষার্থীর মৃ/ত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকায় ব্রিক ফিল্ডে মাটি কাটার ফলে সৃষ্ট পানিভর্তি গভীর গর্তে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) ভূজপুর থানার অন্তর্গত পূর্ব ফটিকছড়ির দত্তপাড়া এলাকার পশ্চিম পাশে করিম বাপের বাড়ির নিকটবর্তী একটি ব্রিক ফিল্ডে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিক ফিল্ডে মাটি কাটার ফলে প্রায় ২০ ফুট গভীর একটি গর্ত সৃষ্টি হয়, যেখানে বৃষ্টির পানি জমে ছিল। মাদ্রাসা থেকে আসার সময় অসাবধানতাবশত ওই পানিভর্তি গর্তে পড়ে যায় দুই শিশু। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হলো— ওই এলাকার হাবিবুর রহমানের মেয়ে সাকি আক্তার (৯) এবং একই বাড়ির জাকির হোসেনের কন্যা সানজিদা আক্তার (১০)।

এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ব্রিক ফিল্ডে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং এ ধরনের ঝুঁকিপূর্ণ গর্ত দ্রুত ভরাটের দাবি জানিয়েছেন।