বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট জব্দ, আটক ১৮ জেলে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, জালসহ ১৮ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী চট্টগ্রামের শেখেরখীল মাছ ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।

পরে জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৫টি ট্রলিং জালসহ ১৮ জন জেলেকে আটক করা হয়।

জব্দকৃত ট্রলিং বোট, জাল এবং আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।