বাঁশখালীতে মাকে হত্যার ঘটনায় প্রধান আসামি ছেলে ও পুত্রবধূ গ্রেফতার

চট্টগ্রামের বাঁশখালীতে চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যার ঘটনায় এজাহারনামীয় প্রধান আসামি ছেলে মোঃ কাশেম (২৮) ও তার স্ত্রী নারগিছ আক্তার (২৫)কে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজারের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

ভিকটিম রেহেনা বেগম (৬২) উপজেলার পূর্ব বৈলছড়ি গ্রামের বাসিন্দা। তিনি ছোট ছেলে কাশেম ও পুত্রবধূর সঙ্গে বসবাস করতেন। পারিবারিক সূত্রে জানা যায়, প্রবাসী বড় ছেলে বেলাল মায়ের চিকিৎসার জন্য নিয়মিত টাকা পাঠালেও কাশেম সেই টাকা আত্মসাৎ করত। এ নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারে বিরোধ চলছিল।

গত ৫ জুন ২০২৫ রাত থেকে ৬ জুন সকাল পর্যন্ত কোনো এক সময়ে কাশেম ও তার স্ত্রী পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে রেহেনা বেগমের গলা কেটে হত্যা করে। পরে ঘটনাটি আড়াল করতে রক্তাক্ত কাপড় ঘরের ভেতরে লুকিয়ে রাখা হয়। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভিকটিমের বড় ভাই মোঃ মুক্তার আহমদ বাদী হয়ে ৮ জুন ২০২৫ তারিখে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১০), যার ধারা ৩০২/২০১/৩৪, পেনাল কোড ১৮৬০।

ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ১ এপ্রিল ২০২৬ বিকেলে কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন লক্ষ্যারচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।