চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে দিনব্যাপী মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (০১ এপ্রিল ২০২৬) পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে পাঁচটি ইটভাটাকে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো— মেসার্স শাহ জব্বারিয়া ব্রিকস ম্যানুফ্যাকচারিং (৪বিএম), বিসমিল্লাহ ব্রিকস (বিবিএম-২), চরম্বা রহমানিয়া ব্রিকস (সিআরবি), ইসলাম ব্রিকস ম্যানুফ্যাকচারিং (আইবিএম) এবং শাহ মজিদিয়া ব্রিকস (বিআরবি)। প্রতিটি প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সালসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব-০৭ চট্টগ্রাম, লোহাগাড়া থানা পুলিশ, চট্টগ্রাম রিজার্ভ পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রামের লোহাগাড়া স্টেশনের সদস্যরা মোবাইল কোর্টে সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।