কর্ণফুলী চ্যানেলে কোস্ট গার্ডের অভিযান: মায়ানমারে পাচারকালে ৪৮ লাখ টাকার জ্বালানি-আলকাতরা জব্দ, আটক ৭

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ডিজেল, আলকাতরা ও একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৭ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ ২০২৬) মধ্যরাত ৩টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী চ্যানেলের ১৪ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। পরে রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযানের সময় একটি সন্দেহজনক আর্টিসানাল ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৪৮ লাখ টাকা মূল্যের ১ হাজার ৬০০ লিটার ডিজেল, ৩ হাজার ৩০০ কেজি আলকাতরা এবং ৪টি ডিজেল ইঞ্জিন জব্দ করা হয়। এ সময় বোটে থাকা ৭ জন পাচারকারীকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। পাশাপাশি জব্দকৃত মালামাল ও ট্রলিং বোট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কোস্ট গার্ড কর্মকর্তা আরও বলেন, দেশের উপকূলীয় এলাকায় পাচার ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।