প্রধানমন্ত্রীর উদ্যোগ: চসিক পরিচ্ছন্নতা কর্মীদের ঈদে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কক্ষে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এই অনুদানের চেক গ্রহণ করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে জানানো হয়, চসিকে কর্মরত ৩ হাজার ২৭০ জন পরিচ্ছন্নতা কর্মীর মধ্যে এই অর্থ বণ্টন করা হবে। প্রত্যেক কর্মী ঈদ উপলক্ষে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন।

এছাড়া প্রধানমন্ত্রীর ঘোষণায় দেশের ১২টি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরাও একইভাবে ৫ হাজার টাকা করে ঈদ উপহার পাবেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকদের হাতে চেক তুলে দেওয়া হয়।

মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় পরিচ্ছন্ন কর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের জন্য এই আর্থিক সহায়তা উৎসাহ ও প্রেরণা জোগাবে।”

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, “ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে এই সহায়তা প্রদান করা হয়েছে। দেশের শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতা কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার এবং অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসক ও উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।