সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেছেন, আমরা ঐক্যবদ্ধ থেকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাই তাদের সঙ্গে করা অঙ্গীকার বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
মন্ত্রী আজ রাজধানী ঢাকার ইমানুয়েলস কনভেনশন সেন্টারে রংপুর মেডিকেল কলেজের সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে নেতাকর্মীরা রাজপথে থেকেছেন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের সেবা করার সুযোগ পেয়েছে। তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়েই দেশের মানুষের কল্যাণে কাজ করতে চায় সরকার।
মন্ত্রী আরও বলেন, দলের প্রত্যেক নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে সরকারের কর্মসূচিকে সমর্থন করতে হবে এবং দলের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ন না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, দেশে নানা ধরনের ষড়যন্ত্র চলমান রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। এসব ষড়যন্ত্র মোকাবিলা করেই জনগণের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখতে হবে।
অনুষ্ঠান শেষে তিনি দেশের সব শহিদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
ইফতার মাহফিলে ড্যাবের সাবেক যুগ্ম আহ্বায়ক ও রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের নেতা ডা. আবু মোঃ আহসান ফিরোজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ড্যাবের সাবেক মহাসচিব ও সংসদ সদস্য ডা. মোঃ আব্দুস সালাম, কেন্দ্রীয় বিএমএ ও ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোঃ রফিকুল ইসলামসহ চিকিৎসক নেতৃবৃন্দ।