সবাই ফ্যামিলি কার্ড পাবেন, ধৈর্য ধরার আহ্বান আবুল হাশেম বক্করের

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সঙ্গে করা নির্বাচন-পূর্ব অঙ্গীকার বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে সারা দেশের ১৪টি ইউনিয়নে প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব মা-বোনই এই ফ্যামিলি কার্ড পাবেন বলে তিনি আশ্বাস দেন।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ চালিতাতলী বাজার মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ড শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল হাশেম বক্কর বলেন, “ফ্যামিলি কার্ড একটি শক্তি। এই কার্ড আপনাদের এমন ক্ষমতা দেবে, যার মাধ্যমে আপনারা সবার সামনে আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়াতে পারবেন। কেউ আগে পেল আর আমি কেন পেলাম না—এ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। সবাই ফ্যামিলি কার্ড পাবেন, শুধু একটু ধৈর্য ধরতে হবে।”

তিনি আরও বলেন, রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম প্রধান ভিত্তি। কালেমা, নামাজ, রোজা, হজ ও যাকাত—এই পাঁচটি ভিত্তির ওপরই ইসলামের কাঠামো প্রতিষ্ঠিত। রমজান মাস আমাদের সংযম, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। ধনী-গরিবের বৈষম্য কমাতে যাকাত ব্যবস্থার সঠিক বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চালিতাতলী উকিলের জামে মসজিদের ইমাম মাওলানা শামসুল হুদা আলকাদেরী।

পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ড শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক মোহাম্মদ তৈয়বের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউনুছ বক্সের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী, সাবেক সদস্য মোহাম্মদ আবদুর রহিম, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী মোহাম্মদ ইলিয়াছ, সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবু, বায়েজিদ থানা বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম মাস্টারসহ আরও অনেকে।

এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।