ফটিকছড়িতে বাস–মোটরসাইকেল সংঘর্ষ: ইফতারের আগে ৩ নিহত, আহত কয়েকজন

চট্টগ্রামের ফটিকছড়িতে ইফতারের পূর্ব মুহূর্তে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ফটিকছড়ি–খাগড়াছড়ি সড়কের পেলা গাজীর দীঘি (ফেলাগাজী দীঘি) মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামমুখী শান্তি পরিবহনের একটি দূরপাল্লার বাস বেপরোয়া গতিতে এসে একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার সময় মোটরসাইকেলটিকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাঁদে পড়ে যায়। এতে বাসে থাকা কয়েকজন যাত্রীও আহত হন।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ফটিকছড়ি থানার উপপরিদর্শক (সেকেন্ড অফিসার) মাজহারুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।