চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া আট বছরের সেই মেয়ে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত রোববার (১ মার্চ) রাতে শিশুটির গলায় অস্ত্রোপচার করা হয়। পরদিন সোমবার (২ মার্চ) তাকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে পুনরায় তাকে নাক, কান ও গলা (ইএনটি) ওয়ার্ডে স্থানান্তর করা হয়।
চমেক হাসপাতালে কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশুর চাচা আজিজ জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতাল থেকে বের হওয়ার সময়ও শিশুটির অবস্থা স্থিতিশীল ছিল এবং সে ইশারায় স্বজনদের সঙ্গে কথা বলছিল। তবে রাত আড়াইটা থেকে তিনটার দিকে তার অস্বস্তি শুরু হয়। সে পানি ও খাবার চাইছিল, কিন্তু চিকিৎসকদের নিষেধ থাকায় তাকে কিছু দেওয়া সম্ভব হয়নি।
চিকিৎসক ও অভিভাবকদের ভাষ্য অনুযায়ী, শিশুটির শরীরে গুরুতর আঘাতের আলামত পাওয়া গেছে। হাসপাতাল সূত্রে আরও জানা যায়, ধর্ষণের শিকার হওয়ার প্রমাণ মিলেছে।
ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।