চট্টগ্রামে কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর, শুরু হচ্ছে বিনামূল্যে স্ক্রিনিং কর্মসূচি

আগামীকাল পহেলা মার্চ থেকে সারাবিশ্বের মতো বাংলাদেশেও মাসব্যাপী পালিত হবে কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস। এ উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিএসসিআর এবং পোস্ট গ্র্যাজুয়েট সার্জিক্যাল একাডেমিয়া (পিজিএস একাডেমিয়া)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১১টায় সিএসসিআর-এর সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিএসসিআর-এর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরীর সভাপতিত্বে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে মেয়র ডা. শাহাদাত হোসেন, সিএসসিআর-এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরশেদুল করিম চৌধুরী এবং পিজিএস একাডেমিয়ার পক্ষে চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার এ কে আজাদ স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি ও নিরাপদ সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন স্বাস্থ্যবান্ধব উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরবাসীকে টাইফয়েড ও জরায়ুমুখের ক্যান্সারের টিকা প্রদানসহ পথকুকুরদেরও বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে। তিনি সিএসসিআর কর্তৃক গৃহীত জনবান্ধব কর্মসূচির প্রশংসা করে কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাসসহ ভবিষ্যতের সব উদ্যোগে সহযোগিতার আশ্বাস দেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে মেয়র মাসব্যাপী কোলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচির উদ্বোধন করেন। উদ্যোক্তারা জানান, সমঝোতার আওতায় মার্চ মাসজুড়ে সিএসসিআর-এর তৃতীয় তলায় প্রতি সোমবার ও বৃহস্পতিবার বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত চল্লিশোর্ধ রোগীদের জন্য বিনামূল্যে স্ক্রিনিং কার্যক্রম পরিচালিত হবে।

এছাড়া স্ক্রিনিংয়ে ক্যান্সার শনাক্ত রোগীদের টিউমার বোর্ডের মাধ্যমে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে। স্ক্রিনিংয়ের আওতাভুক্ত রোগীরা কোলোনোস্কপি, সিগময়ডোস্কপি এবং অকাল্ট ব্লাড পরীক্ষায় ৫০ শতাংশ ছাড় পাবেন। মেয়রের সুপারিশকৃত অসচ্ছল রোগীদের জন্য প্রয়োজনীয় অস্ত্রোপচার সম্পূর্ণ বিনামূল্যে করার ব্যবস্থাও নেওয়া হয়েছে।

সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার বিশেষজ্ঞ শল্যচিকিৎসক দল চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানেও মাসব্যাপী স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

🩺 এই উদ্যোগের মাধ্যমে কোলোরেক্টাল ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দ্রুত শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।