জ্যোতির্বিজ্ঞানভিত্তিক গণনা অনুযায়ী চলতি বছর পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে সংযুক্ত আরব আমিরাতে আগামী ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
শুক্রবার আন্তর্জাতিক গণমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, আগামী ১৮ মার্চ (বুধবার) আকাশে চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই। ফলে পরদিন নতুন মাস শুরু হওয়ার সম্ভাবনাও খুব কম।
স্থানীয় সংবাদমাধ্যম ইমারত আল ইয়াউমকে তিনি বলেন, ১৯ মার্চ (বৃহস্পতিবার) সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় ভোর ৫টা ২৩ মিনিটে শাওয়াল মাসের সূচনাসূচক চাঁদের জন্ম হবে। ওই দিন সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট চাঁদ দিগন্তের ওপরে অবস্থান করতে পারে। আবহাওয়া ও দৃশ্যমানতা অনুকূলে থাকলে এ সময় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা থাকবে।
ইব্রাহিম আল জারওয়ান আশা প্রকাশ করেন, জ্যোতির্বৈজ্ঞানিক এই নির্দেশনার ভিত্তিতে চলতি বছর অধিকাংশ ইসলামি দেশ রমজান সমাপ্তি ও শাওয়াল শুরুর বিষয়ে একই ধরনের সিদ্ধান্তে পৌঁছাতে পারে।
তবে বরাবরের মতোই চূড়ান্ত ঘোষণা আসবে সংশ্লিষ্ট দেশের সরকারি চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে। ধর্মীয় বিধান ও চাঁদ দেখার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই ঈদুল ফিতরের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।