যাকাতের অর্থ যথাযথভাবে এতিমদের কল্যাণে ব্যয় করতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সুফিয়ান। তিনি বলেন, সমাজের অসহায় এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে যাকাত তহবিল থেকে এতিমদের সহায়তায় ধনাঢ্য ব্যক্তিদের উদারভাবে এগিয়ে আসা উচিত।
গতকাল ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার নগরীর জামাল খানস্থ এক্সক্লুসিভ কনভেনশন হলে, কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত পরিচালনা কমিটির অভিষেক ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ৩ শতাধিক এতিম শিশু, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় নবগঠিত কমিটির পক্ষ থেকে এমপি আবু সুফিয়ানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তিনি নির্বাচিত সংসদ সদস্য হিসেবে ভবিষ্যতে এতিমখানার যেকোনো প্রয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এতিমখানার নবনির্বাচিত পরিচালনা কমিটির ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব এস এম মোর্শেদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সদস্য এস এম সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। কদম মোবারক মুসলিম এতিমখানার হেফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ সেলিম উদ্দীনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভাইস প্রেসিডেন্ট মুজিবুল হক সিদ্দিকী, সাধারণ সম্পাদক ডা. পারভেজ ইকবাল শরীফ, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আবছার চৌধুরী, শিক্ষা সম্পাদক অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ, প্রচার ও পাঠাগার সম্পাদক ওয়াকিল আহমেদ সিকদার, পরিচালনা পর্ষদের সদস্য অ্যাডভোকেট আখতার, দাতা সদস্য নুরুল আলম, মতয়াল্লী সদস্য আজাদ উল্লাহ খান, প্রতিষ্ঠাতা সদস্য এ এম এস ইসলামাবাদী (গাজী), সদস্য আলহাজ্ব এমদাদুল আজীজ চৌধুরী ও মোহাম্মদ শাহ আলম।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সেক্রেটারি আলহাজ্ব রেজাউল করিম আজাদ, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন, আলহাজ্ব হারুন জামান, মানবিক সংগঠক এ আর এম শামীম উদ্দীন চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলহাজ্ব আলাউদ্দিন আলী নূর, সদস্য হুমায়ুন খান, লয়ার্স কমিউনিটি ক্লাব অব বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মাসুদুল আলম বাবলু, সমাজসেবক হাবীবুল্লাহ, মাওলানা নূর মোহাম্মদ, শুক্কুর আলম জুয়েল, আব্দুল আল মামুন, মো. আরমান, রায়হান আবরার কাউসার, সাংবাদিক মামুনুর রশীদ সেলিম এবং মানবাধিকার নেতা আখতার উদ্দিন রানা। এছাড়াও প্রতিষ্ঠানের আজীবন সদস্য, দাতা সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শেষ পর্বে পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট হাফেজ মোহাম্মদ আমানুল্লাহ দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের সৌজন্যে অতিথিরা এতিম শিশুদের সঙ্গে ইফতার ও মেজবানে অংশ নেন।