সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
নির্ধারিত সূচি অনুযায়ী, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর থেকে সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন তিনি। ১ নম্বর ভবন (মন্ত্রিপরিষদ ভবন)-এ প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দপ্তরে দুপুর সাড়ে ১২টা থেকে তাঁর প্রথম অফিস কার্যক্রম শুরু হয়।
দুপুর সাড়ে ১২টায় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসেন তিনি। এটি নতুন সরকারের প্রথম নীতিনির্ধারণী বৈঠক হিসেবে বিবেচিত হচ্ছে।
বিকেল ৪টায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।
এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই অনুষ্ঠানে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জন শপথ নেন।