চট্টগ্রাম-৯ আসনে সৌহার্দ্যের বার্তা: প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে বিজয়ী হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডা. একে এম ফজলুল হক-এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরীর মেট্রোপলিটন হাসপাতালে ডা. ফজলুল হকের কার্যালয়ে গিয়ে তিনি ফুলেল শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন।
সাক্ষাতকালে তারা চট্টগ্রাম-৯ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন নবনির্বাচিত সংসদ সদস্য।
আবু সুফিয়ান বলেন, “রাজনৈতিক মতভেদ থাকলেও চট্টগ্রাম-৯ এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবো। এলাকার সার্বিক উন্নয়ন ও নাগরিক সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করবো। রাজনৈতিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে মানুষের অধিকার রক্ষায় গঠনমূলক ভূমিকা রাখবো।”
এসময় তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের চিফ কোঅর্ডিনেটর ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সামশুল আলম এবং চট্টগ্রাম-৯ আসনে ইসলামিক ফ্রন্টের প্রার্থী ওয়াহিদ মুরাদ-এর সঙ্গেও সৌজন্য সাক্ষাত করে ফুলেল শুভেচ্ছা জানান।
রাজনৈতিক সম্প্রীতির এ উদ্যোগকে স্থানীয় নেতাকর্মী ও সচেতন মহল ইতিবাচক হিসেবে দেখছেন।