ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ গেজেট প্রকাশ করা হয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়; প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনে নির্বাচন স্থগিত রাখা হয়। এছাড়া দুটি আসনের ফলাফল স্থগিত করা হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, গেজেট প্রকাশের পরবর্তী তিন দিনের মধ্যে নবনির্বাচিত সদস্যদের শপথ পড়ানোর সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তবে বর্তমান প্রেক্ষাপটে স্পিকার পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার কারাগারে থাকায় শপথ গ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সরকার জানিয়েছে, রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি অথবা প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাতে পারেন।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব জানিয়েছেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করা হবে এবং সব দলকে নিয়ে তারা সংসদে যাবে।
ভোটগ্রহণ শেষে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে ইসি। উচ্চ আদালতের নির্দেশনা থাকায় চট্টগ্রাম–২ ও চট্টগ্রাম–৪ আসনের ফলাফলের গেজেট এখনো জারি করা হয়নি।
ঘোষিত ফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। স্থগিত থাকা দুটি আসনেও বিএনপি প্রার্থীরা এগিয়ে আছেন বলে দলীয় সূত্র দাবি করেছে। বিএনপির শরিকরা পেয়েছে তিনটি আসন।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকেরা পেয়েছে নয়টি আসন।
গেজেট প্রকাশের মধ্য দিয়ে নতুন সংসদ গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। জাতীয় সংসদ ভবন নতুন সদস্যদের শপথ ও সরকার গঠনের আনুষ্ঠানিকতার জন্য প্রস্তুত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।