দুদকের মামলায় সন্দ্বীপ উপজেলার সমবায় সমিতির দলনেতার ৫ বছরের কারাদণ্ড

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার পশ্চিম দক্ষিণ রহমতপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের দলনেতা মোঃ ছাত্তারকে প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে ঋণের নামে অর্থ আত্মসাতের দায়ে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১৭ লাখ ৫৪ হাজার ২২৫ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোঃ মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। একই মামলায় সহ-আসামি কেফায়েত উল্লাহকে খালাস দেওয়া হয়।

রায়ের আদেশ অনুযায়ী, আসামি মোঃ ছাত্তারকে দণ্ডবিধির ৪২০ ধারায় ১ বছর, ৪৬৭ ধারায় ১ বছর, ৪৬৮ ধারায় ২ বছর এবং ৪৭১ ধারায় ১ বছর—সর্বমোট ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মামলার বিবরণে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে জাল কাগজপত্র ব্যবহার করে ইয়ানমার ইঞ্জিনচালিত একটি ফিশিং বোট, বিভিন্ন সরঞ্জামাদি ও নগদ অর্থসহ মোট ১৭ লাখ ৫৪ হাজার ২২৫ টাকার ঋণ সুবিধা গ্রহণ করেন। এর মধ্যে মাত্র ৫৩ হাজার টাকা পরিশোধ করে অবশিষ্ট ১৭ লাখ ১ হাজার ২২৫ টাকা আত্মসাৎ করা হয়।

এ ঘটনায় দুর্নীতি দমন ব্যুরো, চট্টগ্রামের পরিদর্শক মবিনুল ইসলাম ২০০৩ সালের ২৭ সেপ্টেম্বর মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে দুদকের উপপরিচালক মোঃ শহিদুল আলম সরকার অভিযোগপত্র দাখিল করেন। বিচার চলাকালে আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

মামলায় দুদক পক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ এনামুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর, দুর্নীতি দমন কমিশন, চট্টগ্রাম।