ব্যালট বাক্স ছিনতাই, জাল ভোট প্রদানসহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে কোনো ধরনের অনিয়ম হলে নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
আজ ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ফরিদপুর জেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও উৎসবমুখর। এ লক্ষ্যে সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, তাদের প্রশিক্ষণ এবং তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়েছে। তিনি জানান, ভোটকেন্দ্রে বডি ওর্ন ক্যামেরা, সিসিটিভি ও ড্রোন ব্যবহার করা হবে। পাশাপাশি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) প্রণীত ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’ ব্যবহার করা হচ্ছে, যা প্রিজাইডিং অফিসার ও আনসার সদস্যরা নির্বাচনি সামগ্রী নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার সময় চালু করবেন।
তিনি আরও বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন নিশ্চিত করতে হবে। যেসব কেন্দ্রে বাউন্ডারি ওয়াল নেই, সেখানে প্রয়োজনে অস্থায়ীভাবে বাঁশ দিয়ে হলেও বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে হবে। ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স উপজেলা পর্যায়ে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে নেওয়ার সময় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
পোস্টাল ব্যালট গণনার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো কোনো আসনে পোস্টাল ব্যালট ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় প্রার্থীদের প্রতিনিধি ও পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত রাখার নির্দেশনা দেন তিনি।
নির্বাচনে রিজার্ভ ফোর্স রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ফজরের সময় থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত দায়িত্ব পালন অব্যাহত থাকবে। এ সময় কোনো অবস্থাতেই প্রার্থী বা তাদের প্রতিনিধিদের কাছ থেকে অর্থ, অনৈতিক সুবিধা কিংবা খাবার গ্রহণ করা যাবে না বলেও কঠোর নির্দেশনা দেন তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ বলেন, নির্বাচনের সময় ঘনিয়ে আসায় সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে টহল জোরদার করতে হবে এবং দ্রুত সাড়া দেওয়ার জন্য স্ট্রাইকিং ম্যাপ আগে থেকেই নির্ধারণ করতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, জাতীয় নির্বাচনের দিকে বহির্বিশ্বের দৃষ্টি নিবদ্ধ থাকবে। তাই নির্বাচনে নিয়োজিত সবাইকে কোনো বিচ্যুতি ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বৃহত্তর ফরিদপুর অঞ্চলে নির্বাচনি প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই উল্লেখ করে তিনি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয় ব্যক্ত করেন।