চট্টগ্রামের অক্সিজেনে স্টারশিপ ম্যাংগো জুস কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় আহত ৩

চট্টগ্রামের বাইজিদ থানাধীন অক্সিজেন এলাকায় আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন স্টারশিপ ম্যাংগো জুসের বোতল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ধোঁয়ায় অন্তত তিনজন কর্মী আহত হয়েছেন বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে।

কারখানার দায়িত্বশীল নিরাপত্তা কর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। এ সময় কিছু উশৃঙ্খল লোকজন কারখানার প্রধান গেইট ভাঙচুর করে বলে জানা গেছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তা কামরুজ্জামান চট্টগ্রাম২৪ডট নিউজকে জানান, সকাল আনুমানিক ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাত্র ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর সময় কোনো আহত ব্যক্তিকে পাওয়া যায়নি বলে তিনি জানান।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, জুসের বোতল তৈরির একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।