চট্টগ্রাম-১১ আসনে বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রয়োজন মনে করলে ঐকমত্যের সরকার গঠনের বিষয়ে বিএনপি আলোচনা করতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলীয়ভাবে নেওয়া হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে নগরের মেহেদিবাগে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, ৪২টি রাজনৈতিক দল মিলে ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে তারা জনগণের কাছে দায়বদ্ধ। তারেক রহমানের রাজনৈতিক পরিকল্পনার সঙ্গে যারা সংহতি প্রকাশ করবে, তাদের সঙ্গে আলোচনা হতে পারে।
তিনি বলেন, দেশে বর্তমানে ভোট উৎসবের পরিবেশ বিরাজ করছে। দীর্ঘদিন পর নতুন প্রজন্ম ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। নির্বাচিত হলে চট্টগ্রাম-১১ আসনে ১১টি অঙ্গীকার বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।
চট্টগ্রাম বন্দরের প্রসঙ্গে আমীর খসরু বলেন, একটি দেশের উন্নয়নে বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশি বিনিয়োগকারীরা বন্দরের টার্ন অ্যারাউন্ড টাইম, ডেলিভারি টাইম ও পরিচালন দক্ষতা বিবেচনায় নেন। এসব সূচকে উন্নতি এনে চট্টগ্রামকে বৈশ্বিক মানে উন্নীত করা হবে। বিএনপি ক্ষমতায় এলে চট্টগ্রামকে ‘লজিস্টিক্যাল হাব’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।
ভোটের দিন শঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, সামাজিক মাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এসব বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে নির্বাচনী প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান।
ঐকমত্যের সরকার প্রসঙ্গে তিনি আরও বলেন, সরকার গঠনের ক্ষেত্রে দর্শনগত মিল ও ভবিষ্যৎ কর্মসূচিতে একমত হওয়া জরুরি। ৩১ দফা সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ দলগুলোর সঙ্গে আলোচনা হতে পারে।
হ্যাঁ-না ভোট প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার সুযোগ দেওয়া হবে না। দেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়।
শেখ হাসিনার বিচার প্রসঙ্গে নির্বাচনী সময়ে আলোচনা না হওয়ার বিষয়ে তিনি বলেন, নির্বাচন মূলত ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপনের বিষয়। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করলে জনগণ ব্যালটের মাধ্যমেই তার জবাব দেবে।
ভোট কারচুপির অভিযোগ তুলে তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে ব্যালট ছাপানো, এনআইডি কার্ড নেওয়া কিংবা টাকা পাঠানোর গুজব ছড়ানো হচ্ছে। জনগণ এসব অপচেষ্টায় বিভ্রান্ত হবে না বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু প্রমুখ।