১২ ফেব্রুয়ারির ভোটে মানুষের ত্যাগের প্রতিদান দিতে হবে: আমীর খসরু

আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই নির্বাচনে ভোটের মাধ্যমে দেশের মানুষের দীর্ঘ ত্যাগের প্রতিদান দিতে হবে।

শনিবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আমীর খসরু বলেন, বাংলাদেশের গণতন্ত্র, মানুষের সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে একটি নির্বাচিত সংসদ ও জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, “১২ তারিখে তারেক রহমানের আহ্বান অনুযায়ী তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট দিতে হবে। এই ভোটের মধ্য দিয়েই দীর্ঘ ১৭-১৮ বছরের ত্যাগের পর আন্দোলনের চূড়ান্ত পরিণতি ঘটবে, ইনশাআল্লাহ।”

তিনি দাবি করেন, বিএনপি কখনো গণতন্ত্রের প্রশ্নে আপস করেনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন। পরবর্তীতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও বিএনপি নেতৃত্ব দিয়েছে।

আমীর খসরু বলেন, তারেক রহমান বাংলাদেশের মানুষের নতুন প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে ধারণ করেছেন। তিনি বলেন, “বাংলাদেশ গড়ার জন্য আমাদের একটি সুস্পষ্ট পরিকল্পনা আছে। তবে শুধু জিতলেই হবে না, বিশাল ব্যবধানে জয়লাভ করতে হবে—যাতে বিশ্ববাসীর কাছে বার্তা যায় যে বাংলাদেশের মানুষ শান্তি, সহনশীলতা ও সম্মানজনক রাজনীতি চায়।”

সমাবেশে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর বলেন, তরুণদের শিক্ষিত করে শিল্পায়নের মাধ্যমে ফটিকছড়ির অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানো হবে। মিরসরাইয়ের মতো এখানে শিল্পকারখানা গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী। সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছালাউদ্দিন।

এরপর মিরসরাইয়ের বারৈয়ার হাটে আরেকটি নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু বলেন, তারেক রহমান ১৮ হাজার কিলোমিটার খাল খনন ও ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “এই কাজ কোনো একক ব্যক্তি নয়, সবাই মিলে বাস্তবায়ন করতে হবে। রাজনীতি শুধু গণতন্ত্রায়ন নয়, অর্থনীতিকেও গণতান্ত্রিক করতে হবে—যাতে উন্নয়নের সুফল দেশের সব মানুষের কাছে পৌঁছে।”

মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান বলেন, শিল্পায়নের মাধ্যমে মিরসরাইয়ের অর্থনৈতিক সম্ভাবনাকে আরও বেগবান করা হবে।

সভায় দিদারুল আলম মিয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ নুরুল আমিন, আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী এবং আহলে সুন্নত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন।