চট্টগ্রাম-১১ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী জননেতা মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গণমিছিলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা পুরো এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নগরীর স্টিলমিল বাজার থেকে সল্টগোলা ক্রসিং পর্যন্ত হাজার হাজার মানুষের অংশগ্রহণে এ গণমিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন নগর সভাপতি এস. এম. লুৎফর রহমান, বন্দর থানা আমীর মাহমুদুল আলম, ইপিজেড থানা আমীর আবুল মোকাররম, সদরঘাট থানা আমীর এম. এ. গফুর, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুনসহ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ গণমিছিলে অংশ নেন।
গণমিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রার্থী মোহাম্মদ শফিউল আলম বলেন, চট্টগ্রাম-১১ আসনের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। নির্বাচিত হলে তিনি হাসপাতাল প্রতিষ্ঠা, সড়ক সম্প্রসারণ, ডিজিটাল ট্রাফিক ব্যবস্থা চালু, ওয়াসার সংযোগ নিশ্চিতকরণ ও সুপেয় পানির সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখবেন।
তিনি আরও বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজদের বিরুদ্ধে দেশবাসীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য তিনি জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
বক্তারা বলেন, ইনসাফভিত্তিক রাজনীতি ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে জননেতা শফিউল আলমের পক্ষে জনসমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারা আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
গণমিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।