চট্টগ্রামের সাতকানিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে থানা পুলিশের যৌথ অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মো. কামাল প্রকাশ পিচ্ছি কামাল (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হলেও তার সহযোগী আকিব প্রকাশ রাকিব (৩০) কৌশলে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে সেনাবাহিনীর নেতৃত্বে ঢেমশা চৌধুরীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মো. ডালিম উদ্দিন মজুমদারের নেতৃত্বে একটি দল সাতকানিয়া থানাধীন ৮নং ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা মাইজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৫নং ওয়ার্ডের নুরুল আলম মেম্বারের পুরাতন বাড়িতে রফিকুল ইসলামের বসতঘর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো. কামাল লোহাগাড়া থানার পদুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম মৃত সৈয়দ আহমদ এবং মাতার নাম হালিমা খাতুন।
এ ঘটনায় বাদী থানায় হাজির হয়ে এজাহার দায়ের করলে সাতকানিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণীর ১০(খ)/৩৮/৪১ ধারায় মামলা রুজু করা হয়। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।