মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ সিমেন্ট বহনকালে ১০ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি ফিশিং বোটসহ প্রায় ৩ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ৭০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।
বুধবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরীর যৌথ উদ্যোগে সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা সিমেন্ট উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত সিমেন্ট, ফিশিং বোট এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।