বাংলাদেশের বিনিয়োগ সেবাকে একীভূত ও সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তরের লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর যৌথ উদ্যোগে ‘বাংলাবিজ ২.০’ প্ল্যাটফর্মের নতুন সংস্করণ উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য একটি একক, পূর্ণাঙ্গ ও ব্যবহারকারী-কেন্দ্রিক ডিজিটাল বিনিয়োগ সেবা প্ল্যাটফর্ম গড়ে তোলার পথে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী এবং জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে। অনুষ্ঠানে দেশি-বিদেশি বিনিয়োগকারীরাও অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে লুৎফে সিদ্দিকী বলেন, সরকারি সেবা ডিজিটাল করতে হলে তা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ডিজিটাল ও ব্যবহারকারী-কেন্দ্রিক হতে হবে। পাশাপাশি অপ্রয়োজনীয় ও জটিল প্রক্রিয়া সহজ করা এবং যেখানে সম্ভব তা বাদ দেওয়াও জরুরি।
বিশেষ অতিথির বক্তব্যে জাইকার বাংলাদেশ অফিসের প্রধান ইচিগুচি তোমোহিদে বলেন, বিনিয়োগকারীদের দীর্ঘদিনের স্বচ্ছ, দ্রুত ও পূর্বানুমেয় সরকারি সেবার দাবির একটি কার্যকর সমাধান হলো বাংলাবিজ। অনলাইন সিস্টেমে ব্যবসা নিবন্ধন ও অনুমোদন প্রক্রিয়া একীভূত করার মাধ্যমে বাংলাবিজ বাংলাদেশের বিনিয়োগ পরিবেশকে বিশ্বমানের ইকোসিস্টেমে রূপান্তর করবে। তিনি বিনিয়োগবান্ধব ব্যবসা পরিবেশ গড়ে তুলতে বাংলাদেশকে জাইকার সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, বিনিয়োগকারীদের জন্য নির্দিষ্ট সময়সীমা, স্বচ্ছ কার্যপ্রবাহ এবং একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম অপরিহার্য। সে লক্ষ্যেই বাংলাবিজকে মাল্টি-এজেন্সি সার্ভিস পোর্টাল হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের ব্যবসা পরিচালনার জটিলতা উল্লেখযোগ্যভাবে কমাবে।
বাংলাবিজ ২.০-তে যুক্ত নতুন সুবিধার মধ্যে রয়েছে ‘বিজনেস স্টার্টার প্যাকেজ’, যার আওতায় নেম ক্লিয়ারেন্স, অস্থায়ী ব্যাংক হিসাব খোলা, কোম্পানি নিবন্ধন, ই-টিআইএন ও ট্রেড লাইসেন্স—এই পাঁচটি প্রধান অনুমোদন একটিমাত্র আবেদনের মাধ্যমে সম্পন্ন করা যাবে। এর ফলে মাত্র তিন কার্যদিবসের মধ্যেই ব্যবসা নিবন্ধনের প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে।
এছাড়া পরিবেশ ছাড়পত্র, ভ্যাট নিবন্ধন, কারখানা ও অগ্নিনিরাপত্তা লাইসেন্স, আমদানি ও রপ্তানি নিবন্ধন সনদ (আইআরসি ও ইআরসি)সহ ২০টিরও বেশি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অনুমোদন সরাসরি বাংলাবিজ প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য ব্যবসা শুরু ও পরিচালনাকে আরও সহজ ও সময়সাশ্রয়ী করবে।