বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুনে, দগ্ধ ১০ শ্রমিক; ৫-৬ জনের অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রাম, ১৬ জুলাই: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কনফিডেন্স সল্ট লিমিটেডের কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিট ও সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন— বোয়ালখালীর দিদারুল আলম (৩২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮) ও নূর নবী (২৫), রাঙ্গুনিয়ার উজ্জ্বল দাশ (৫৩), সদরঘাটের মোহাম্মদ লিটন (২৮), লোহাগাড়ার সিরাজুল ইসলাম (৩৪), রাউজানের জাহিদুল আলম (৪২), পটিয়ার মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫) এবং চন্দনাইশের সেলিম উদ্দিন (৩০)।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রমিকরা কারখানায় কাজ করার সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আগুনে দগ্ধ হন ১০ শ্রমিক। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দগ্ধ ১০ শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে কনফিডেন্স সল্ট লিমিটেডের হেড অব মার্কেটিং সরদার নওশাদ ইমতিয়াজ বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দগ্ধদের চিকিৎসার বিষয়ে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তরের ব্যবস্থা করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সব ধরনের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।