চট্টগ্রামের দেয়ালে দেয়ালে ফিরছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, গ্রাফিতিতে বাড়ছে নগরের সৌন্দর্য
চট্টগ্রাম: নগরের সৌন্দর্যবর্ধন ও নান্দনিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন সড়কের দেয়ালে নতুন করে আঁকা হচ্ছে দৃষ্টিনন্দন গ্রাফিতি। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনার দেয়ালে ফুটিয়ে তোলা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, চেতনা ও বার্তাবাহী চিত্রকর্ম।
চসিকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় নগরের বিভিন্ন দেয়ালে তরুণ শিক্ষার্থীদের আঁকা প্রতিবাদী ও অনুপ্রেরণামূলক গ্রাফিতিগুলো নতুন করে রং-তুলির আঁচড়ে জীবন্ত করে তোলা হচ্ছে। এসব গ্রাফিতিতে উঠে আসছে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং নতুন প্রজন্মের স্বপ্ন ও সাহসিকতার প্রতিচ্ছবি।
একসময় জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করে নগরের দেয়ালে দেয়ালে ছড়িয়ে পড়েছিল নানা প্রতিবাদী শিল্পকর্ম ও বার্তা। সেসব গ্রাফিতি সংরক্ষণ ও পুনরায় দৃশ্যমান করার মাধ্যমে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উদ্যোগ নিয়েছে চসিক। একই সঙ্গে দেয়ালজুড়ে নান্দনিক চিত্রকর্ম নগরের সৌন্দর্য বৃদ্ধিতেও ভূমিকা রাখছে।
প্রশাসক ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে এ কার্যক্রমের মাধ্যমে চট্টগ্রামকে আরও পরিচ্ছন্ন, নান্দনিক ও দৃষ্টিনন্দন নগর হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চলছে। শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, নগরের সাংস্কৃতিক ঐতিহ্য, ইতিহাস ও নাগরিক চেতনার প্রতিফলন ঘটাতেও গুরুত্ব দিচ্ছে সিটি করপোরেশন।
চসিক কর্মকর্তারা বলছেন, দেয়ালে ফিরে আসা এসব গ্রাফিতি কেবল সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নয়; বরং জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, তারুণ্যের প্রতিবাদ এবং বৈষম্যহীন ও সুন্দর সমাজ গড়ার আকাঙ্ক্ষাকে নতুন করে তুলে ধরার একটি প্রয়াস।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.