ফেনীতে পিকআপে মিলল ৫ কেজি গাঁজাসহ বিভিন্ন মাদক, আটক ১
ফেনী সদর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা, ২৪ বোতল ফেয়ারডিল সিরাপ, ২৪ বোতল এস্কাফ সিরাপ ও ৯ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭।
শনিবার (১৪ নভেম্বর) ভোর ৪টা ১৫ মিনিটের দিকে ফেনী সদর থানার বাথানিয়া এলাকার বিসিক গ্যাস অফিস সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম মো. মাইন উদ্দিন প্রকাশ রুবেল (২৬)। তিনি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দক্ষিণ চরপাগলা এলাকার মো. সবুজের ছেলে।
এসআরবি-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, এক মাদক কারবারি সিঙ্গেল কেবিন পিকআপে করে কুমিল্লা থেকে নোয়াখালীর উদ্দেশে মাদক নিয়ে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে এসআরবি-৭-এর একটি আভিযানিক দল ফেনী সদর এলাকায় চেকপোস্ট স্থাপন করে।
এ সময় সন্দেহভাজন পিকআপটি চেকপোস্টের কাছে পৌঁছালে চালক দ্রুত গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন। পরে অভিযানিক দলের সদস্যরা তাঁকে আটক করেন।
পরবর্তীতে পিকআপে তল্লাশি চালিয়ে পেছনে বিশেষ কায়দায় লুকানো একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে পলিথিনে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫ কেজি গাঁজা, ২৪ বোতল ফেয়ারডিল সিরাপ, ২৪ বোতল এস্কাফ সিরাপ ও ৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৫ হাজার টাকা।
এসআরবি-৭ আরও জানায়, আটক ব্যক্তি, উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা পিকআপ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.