মনোনয়ন না পেলে পদত্যাগ করে নির্বাচন করবেন জমির উদ্দিন
১১ মামলা নিয়েও নির্বাচনী মাঠে, আশিয়াকে উন্নত ইউনিয়ন গড়ার প্রত্যয়
পটিয়া প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরী মানিক। দলীয় মনোনয়ন না পেলে স্বেচ্ছাসেবক দলের পদ থেকে অব্যাহতি নিয়ে নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে নিজের বিরুদ্ধে বর্তমানে ১১টি মামলা চলমান থাকার কথাও তুলে ধরেছেন এই নেতা।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে আশিয়া ইউনিয়নের মধ্যমপাড়া এলাকার ২ ও ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে মধ্যমপাড়া ঈদগাহ মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এ ঘোষণা দেন।
বৈঠকে জমির উদ্দিন চৌধুরী মানিক বলেন, দীর্ঘদিন ধরে দলের জন্য রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন তিনি। তাঁর বিরুদ্ধে মোট ১৮টি মামলা হয়েছে। বর্তমানে ১১টি মামলা চলমান রয়েছে। মামলাগুলোর জিআর নম্বরসহ প্রয়োজনীয় তথ্য জমা দিয়েছেন এবং এখনো আদালতে হাজিরা দিতে হচ্ছে। এত প্রতিকূলতার মধ্যেও দলের প্রতি তাঁর সম্মান ও দায়িত্ববোধ রয়েছে।
দলীয় মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, ২০২২ সালে দল তাঁকে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের দায়িত্ব দিয়েছে। রাজনৈতিক কর্মকাণ্ড ও রাজপথের ভূমিকা বিবেচনা করেই দল তাঁকে এ দায়িত্ব দিয়েছে বলে তিনি মনে করেন। তাই নিজের ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা করছেন তিনি।
তিনি আরও বলেন, দল কোনো কারণে তাঁকে মনোনয়ন না দিলে দলের প্রতি সম্মান রেখেই স্বেচ্ছাসেবক দলের পদ থেকে অব্যাহতি নিয়ে নির্বাচনে অংশ নেবেন। উঠান বৈঠকের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করতে চান বলেও জানান তিনি।
নিজের রাজনৈতিক অতীত তুলে ধরে জমির মানিক বলেন, ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরে পটিয়া থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা পর্যন্ত বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, মিছিল ও সভা-সমাবেশে তিনি এবং তাঁর সহযোদ্ধারা সক্রিয় ছিলেন। ভোটাধিকার ও রাজনৈতিক অধিকারের দাবিতে জেল-জুলুম ও মামলার মধ্যেও রাজপথ ছাড়েননি তাঁরা। এখন স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি কথা বলতে উঠান বৈঠকের আয়োজন করেছেন।
নির্বাচিত হলে এলাকার উন্নয়নে বিভিন্ন সরকারি দপ্তর ও মন্ত্রণালয়ে যোগাযোগ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ অধিদপ্তর, সেতু বিভাগ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গিয়ে এলাকার সমস্যাগুলো তুলে ধরবেন। বিশেষ করে আশিয়া ইউনিয়নের রাস্তাঘাট এক বছরের মধ্যে উন্নয়নের আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করতে চান।
আশিয়া ইউনিয়নকে পরিকল্পিত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, অবহেলিত আশিয়াকে সুন্দর ও উন্নয়নসমৃদ্ধ ইউনিয়নে রূপান্তরিত করা তাঁর স্বপ্ন। স্থানীয় মানুষের সহযোগিতা ও দোয়া পেলে সততা ও স্বচ্ছতার সঙ্গে তাঁদের প্রত্যাশা পূরণে কাজ করবেন।
নিজের অগ্রাধিকারমূলক উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচিত হলে প্রথমেই ইউনুস খলিফা রোডের বাংলাবাজার থেকে মির্জাপাড়া হয়ে ছাদেকিয়া স্কুল পর্যন্ত সড়কটির নির্মাণকাজ বাস্তবায়নের উদ্যোগ নেবেন। এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মো. ইউনুস সওদাগর। বিএনপি নেতা আবু সুফিয়ান চৌধুরী হিরুর সঞ্চালনায় এতে বক্তব্য দেন বিএনপি নেতা মো. আনোয়ার, চন্দন বর্ধন সবুজ, মোহাম্মদ আলী মেম্বার, মাওলানা নুরুল হুদা খান, ইরাত চৌধুরী, অঞ্জন মজকুরী, কানু মজকুরী, উত্তম মজকুরী, জাহাঙ্গীর আলম সওদাগর, রাশেদুল আলম, হেলাল উদ্দিন মেম্বার, কামরুল হক চৌধুরী, মো. হাসেম, আহমদ নবী, মো. আকতার, ছাত্রদল নেতা আসিফ সিদ্দিকী, মো. আরমান, মাঈনুদ্দীন চৌধুরী, ফারুক খান, রোকন উদ্দিন, ইরাদ চৌধুরী, আবদুর রহিম ও মো. ইকবালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বৈঠকে স্থানীয় বাসিন্দারা এলাকার রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও সার্বিক উন্নয়ন নিয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.