আগামী প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে যেতে চাই না: চট্টগ্রামের ডিসি
আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, সুস্থ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, নিজেদের সব সুযোগ-সুবিধা ভোগ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে যাওয়া যাবে না। পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্ন রাখা শুধু কোনো প্রতিষ্ঠান বা বিভাগের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব।
আজ শনিবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম রেলস্টেশন ও জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ এলাকায় আয়োজিত বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ স্লোগানে জেলা প্রশাসন ও বাংলাদেশ রেলওয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে পুরোনো রেলস্টেশন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নতুন রেলস্টেশন ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। পরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক বলেন, সবাই চায় রেলস্টেশনসহ জনবহুল স্থানগুলো দুর্গন্ধমুক্ত ও পরিচ্ছন্ন থাকুক। কিন্তু এসব স্থান পরিষ্কার রাখার দায়িত্ব শুধু পরিচ্ছন্নতাকর্মী বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নয়। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে।
তিনি বলেন, চট্টগ্রামকে নান্দনিক রূপ দিতে গত জুলাই থেকে জেলা প্রশাসন সরকারি বিভিন্ন দপ্তর, সাংবাদিক, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করছে। তবে নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ ও সচেতনতা তৈরি করা না গেলে এসব উদ্যোগের সুফল দীর্ঘস্থায়ী হবে না। কেউ কোনো স্থান অপরিচ্ছন্ন করলে তাঁকে সচেতন করার দায়িত্বও সবার।
জনবহুল স্থানের পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, চট্টগ্রামের পুরোনো রেলস্টেশন একটি ঐতিহাসিক স্থাপনা। প্রতিদিন এখানে বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। তাঁদের মধ্যে শিশু, বয়স্ক ও শারীরিকভাবে দুর্বল ব্যক্তিও রয়েছেন। তাই অপরিচ্ছন্ন পরিবেশের কারণে কেউ যেন স্বাস্থ্যঝুঁকিতে না পড়েন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম রেলস্টেশনে প্রতিদিন প্রায় ৩০ হাজার মানুষ যাতায়াত করেন। এ কারণে স্টেশন ও আশপাশের এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে গত ১২ সেপ্টেম্বর জেলার প্রায় দুই হাজার মসজিদ প্রাঙ্গণ পরিষ্কার করা হয়। এরপর থেকে প্রতি শনিবার জেলার বিভিন্ন উপজেলায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি জানান, গত ২৫ জুলাই জেলার বিভিন্ন সরকারি ভবনের ছাদ পরিষ্কার করে প্রায় ১৩৫ মেট্রিক টন ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পরবর্তী সময়ে জিয়া স্মৃতি কমপ্লেক্স, পতেঙ্গা সমুদ্রসৈকত, নগরের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ এবং প্রায় দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। এ ছাড়া জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ, সিআরবি ও স্বাধীনতা কমপ্লেক্সসহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাকেও পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় আনা হয়েছে।
চট্টগ্রামকে সবুজ নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগের কথা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, ইতিমধ্যে এক দিনে এক লাখ গাছ লাগানো হয়েছে। গাছগুলো বেঁচে আছে এবং বেড়ে উঠছে। আগামী প্রজন্ম যেন আমাদের দোষারোপ করতে না পারে যে আমরা নিজেদের সুযোগ-সুবিধা ভোগ করেছি, অথচ তাদের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে গেছি—সেই লক্ষ্যেই কাজ করতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের পাহাড়তলীর বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁঞা বলেন, রেলস্টেশন ও আশপাশের জনবহুল এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পরিচ্ছন্নতাকর্মীদের কাজ নিয়মিত তদারকি করা জরুরি। পাশাপাশি যাত্রী ও সেবাগ্রহীতাদেরও সচেতন হতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা সম্ভব।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকতসহ জেলা প্রশাসন ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.