বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রাণ গেল কিশোর আবিরের

১১

চট্টগ্রাম: প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠানে খাওয়া-দাওয়া শেষে বাড়ি ফিরছিল কিশোর আবির হোসেন (১৬)। কিন্তু বাড়ি ফেরা হলো না তার। সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছে সে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকার জনতা কনভেনশন হলের সামনে চট্টগ্রাম-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবির হোসেন উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের চারিয়া পশ্চিম কুলাল পাড়ার বাপ্পি রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল আবির। অনুষ্ঠান শেষে খাওয়া-দাওয়া করে বাড়ি ফেরার পথে মহাসড়ক পার হচ্ছিল সে। এ সময় নাজিরহাটগামী দ্রুতগতির একটি হাইচ গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয় আবির।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বাংলানিউজকে বলেন, সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় কিশোর আবির হোসেনের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.