জিইসি মোড় থেকে পটিয়ার ব্যাপক বিতর্কিত সাবেক চেয়ারম্যান আবুল কাশেম আটক —
চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠকের প্রস্তুতির অভিযোগে পটিয়ার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাসেমকে আটক করেছে খুলশী থানা পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) নগরের জিইসি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আবুল কাসেম পটিয়া উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি এবং স্থানীয় রাজনীতিতে পলাতক সাবেক সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। তিনি কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের ভাগিনা।
পুলিশ জানায়, জিইসি মোড় এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠকের প্রস্তুতি চলছে—এমন তথ্যের ভিত্তিতে খুলশী থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে আবুল কাসেমকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান চট্টগ্রাম ২৪ নিউজকে বলেন, জিইসি মোড় এলাকায় গোপন বৈঠকের প্রস্তুতির খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে আবুল কাসেমকে পাওয়া গেলে তাঁকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কাসেমের বিরুদ্ধে পটিয়া ও বাকলিয়াসহ বিভিন্ন থানায় প্রায় ডজনখানেক মামলা রয়েছে। দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে ক্ষমতার প্রভাব বিস্তার, জায়গা-সম্পত্তি দখল, নির্যাতন ও হয়রানির বিভিন্ন অভিযোগ ওঠে। এসব অভিযোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছিল বলেও জানা গেছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আবুল কাসেমকে ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন তাঁকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আবুল কাসেমের আটকের ঘটনায় পটিয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.