কক্সবাজারে সাড়ে ১৯ কোটি টাকার মাদক ধ্বংস করল ৩৪ বিজিবি

৩

কক্সবাজার: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে জব্দ করা ৬ লাখ ৫২ হাজার ২৪৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫৫ লিটার বাংলা মদ ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ধ্বংস করা এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজারমূল্য ১৯ কোটি ৫৭ লাখ ২০ হাজার ৯০০ টাকা।

রোববার (১৮ অক্টোবর) সকালে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সদরে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন।

বিজিবি জানায়, ২০২৫ সালের ১৪ আগস্ট থেকে ২০২৬ সালের ১৮ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে সীমান্তে পরিচালিত মাদকবিরোধী অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে সেগুলো ধ্বংস করা হয়েছে।

অনুষ্ঠানে রামু সেক্টরের সেক্টর কমান্ডার, ৩৪ বিজিবির অধিনায়ক, বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

৩৪ বিজিবি সূত্রে জানা গেছে, গত এক বছরে ব্যাটালিয়নটি সর্বমোট ১৬০ কোটি ২৮ লাখ ৬৭ হাজার ৯২০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল জব্দ করেছে। এ সময় সংশ্লিষ্ট ঘটনায় ২৮৫ জন আসামিকে আটক করা হয়।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা, সীমান্তে নজরদারি জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে ৩৪ বিজিবি।

মাদকদ্রব্যের বিস্তার রোধ ও সীমান্ত সুরক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.