জঙ্গল সলিমপুরে জননিরাপত্তা নিশ্চিতে ৩ শতাধিক সদস্যের যৌথ অভিযান
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের আলীনগর, নবীনগর, ওসমানের ঘোনাসহ বিভিন্ন এলাকায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পুলিশ, বিজিবি, এসআরবি, এপিবিএনসহ বিভিন্ন বাহিনীর প্রায় তিন শতাধিক সদস্য অংশ নেন। অভিযানে সংশ্লিষ্ট বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সীতাকুণ্ড থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে দুর্গম পাহাড়ি এলাকায় কিছু অপরাধী ও সন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করতে পারে বলে তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে সম্ভাব্য অপরাধ ও নাশকতা প্রতিরোধে ওই এলাকায় সমন্বিত টহল জোরদার করা হয়।
অভিযানের অংশ হিসেবে বিভিন্ন পাহাড়ি ঘরবাড়ি ও স্থাপনা, আশপাশের পরিত্যক্ত স্থান এবং সন্দেহজনক এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় সেখানে অবস্থানরত ব্যক্তিদের পরিচয় ও অবস্থান যাচাই-বাছাই করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, এ ধরনের সমন্বিত অভিযানের মাধ্যমে অপরাধীদের সংঘবদ্ধ হওয়ার সুযোগ প্রতিরোধ, নাশকতার সম্ভাব্য প্রস্তুতি নস্যাৎ এবং অপরাধ সংঘটনের অনুকূল পরিবেশ রোধ করা হচ্ছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান উপস্থিতি জোরদার করা হয়েছে।
অভিযানকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে তাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হয়। পাশাপাশি অপরাধ ও যেকোনো সন্দেহজনক তৎপরতার তথ্য দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে এবং অপরাধ প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
জননিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে জঙ্গল সলিমপুরসহ সংশ্লিষ্ট এলাকায় বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.