জুলাইকে ‘ম্লান’ করতে দেশ-বিদেশে অপচেষ্টা চলছে: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

২০২৪ সালের জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি বলেছেন, জুলাই আন্দোলনের চেতনাকে ম্লান করতে দেশ-বিদেশে নানা অপচেষ্টা চলছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে চট্টগ্রাম কোর্ট হিলস্থ আইনজীবী অডিটোরিয়ামে “রক্ত লাল জুলাই ও নতুন বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “জুলাইকে ম্লান করার জন্য স্বৈরাচারী শেখ হাসিনা দেশের বাইরে সংবাদ সম্মেলন করছেন। দেশের ভেতরেও বিভিন্ন গুপ্ত ফ্যাসিস্ট নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বিগত ১৭ বছরে খুন, গুম, দুর্নীতি, ভোট ডাকাতি ও নির্যাতনের মাধ্যমে দেশ পরিচালনার পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের ব্যবস্থা করতে হবে।”

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে চট্টগ্রামের আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আন্দোলন সফল করতে তারা সর্বদা প্রস্তুত ছিলেন এবং সর্বাত্মক সহযোগিতা করেছেন। ভবিষ্যতেও আইনজীবী সমাজের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, এমপি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্যে আবু সুফিয়ান এমপি বলেন, “কিছু ব্যক্তি মুক্তিযুদ্ধকে পুঁজি করে ব্যবসা করেছে। বর্তমানেও তেমন কিছু লোক জুলাইকে পুঁজি বানিয়ে বিভিন্নভাবে লাভবান হওয়ার অপচেষ্টা চালাচ্ছে।”

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দীন।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট তারিক আহমদ জুলাই শহীদ ওয়াসিম আকরাম ও শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান।

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দীন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আইনজীবী সমিতির জন্য জায়গা বরাদ্দ দিয়েছিলেন, এজন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে আইনজীবীদের চেম্বার সংকট নিরসনে নতুন জায়গা বরাদ্দের দাবি জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রফিক আহমদ, অ্যাডভোকেট জহুরুল আলম এবং সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম এবং সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট বিলসিক আরা মিতু। এতে সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যসহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জুলাই বিপ্লবভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.