আন্তর্জাতিক বাজারে টানা চতুর্থ দিনের উল্লম্ফন, দেশে ভরিতে স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা জোরালো হওয়া, দুর্বল মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদ কমে যাওয়ার প্রভাবে আন্তর্জাতিক বাজারে টানা চতুর্থ দিনের মতো বেড়েছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার (৬ আগস্ট) মূল্যবান ধাতুটি সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্পট স্বর্ণের দাম ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৬৫.২২ ডলারে দাঁড়িয়েছে। গ্রিনিচমান সময় (জিএমটি) অনুযায়ী বৃহস্পতিবার ভোর ৩টা ৩০ মিনিটে এ দাম রেকর্ড করা হয়। দিনের লেনদেনে স্বর্ণের দাম ১৮ জুনের পর সর্বোচ্চ পর্যায়ে ওঠে।

এর আগে বুধবারও ফেব্রুয়ারির পর একদিনে সবচেয়ে বড় উত্থান দেখেছিল স্বর্ণের বাজার। একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩২৪.৬০ ডলারে পৌঁছেছে।

বাজার বিশ্লেষকদের মতে, স্বর্ণের দাম যদি ২০০ দিনের গড়ের ওপরে স্থায়ীভাবে অবস্থান করতে পারে, তাহলে আরও শক্তিশালী পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হবে। সে ক্ষেত্রে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ডলারের দিকেও যেতে পারে।

অন্যদিকে মূল্যবান অন্যান্য ধাতুর বাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। স্পট রুপার দাম ০.১ শতাংশ কমে প্রতি আউন্স ৬২.০২ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ১.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৭৫৫.১৮ ডলারে উঠেছে, যা জুনের পর সর্বোচ্চ পর্যায়। এছাড়া প্যালাডিয়ামের দাম ০.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩৭৪.৩৩ ডলারে পৌঁছেছে। টানা তৃতীয় দিনের মতো বেড়েছে এ ধাতুর দাম।

এদিকে আন্তর্জাতিক বাজারের প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৯ হাজার ৮৫৬ টাকা বাড়িয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

বাজুস জানিয়েছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। এর আগে গত ৩১ জুলাই ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.