‘শুধু আইন করে নয়, সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব’ — মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শুধু আইন প্রয়োগ ও শাস্তির মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব নয়। এজন্য মাদকবিরোধী কার্যক্রমকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। তাই মাদকবিরোধী অভিযানকে আমরা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই।”

তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ে মাদক নিয়ন্ত্রণে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলোর ইতিবাচক ফলাফল ভবিষ্যতে পাওয়া যাবে। মাদকের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলে উল্লেখ করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের উদ্দেশে বলেন, সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব ও ভয়াবহতা আরও বেশি করে তুলে ধরতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মোহাম্মদ বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফায়সাল আমিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, বিজিবি, বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.