বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে শাহ আমানত বিমানবন্দরে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান
চলতি বর্ষা মৌসুমে টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট অস্থায়ী জলাবদ্ধতার কারণে ডেঙ্গুসহ বিভিন্ন রোগজীবাণুর সম্ভাব্য প্রাদুর্ভাব প্রতিরোধে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দিনব্যাপী ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর, এএফডব্লিউসি, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনা ও সরেজমিন উপস্থিতিতে পরিচালিত হয়। এতে বিমানবন্দরের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বিমানবন্দর সূত্র জানায়, টানা বর্ষণের কারণে বিমানবন্দরের বিভিন্ন স্থানে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ডেঙ্গুসহ অন্যান্য রোগজীবাণুর বিস্তারের আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার ছাদে পানি জমে অবকাঠামোগত ক্ষতির সম্ভাবনাও তৈরি হয়েছে। এসব ঝুঁকি মোকাবিলায় এ বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের আওতায় টার্মিনাল ভবন, প্রশাসনিক ভবন, সিএএবি বিল্ডিং, কার্গো টার্মিনাল, পাওয়ার হাউস, অপারেশন টাওয়ার, ফায়ার স্টেশন ভবন, এমটি ভবন, মেইনটেন্যান্স ভবনসহ সব গুরুত্বপূর্ণ স্থাপনার ছাদ ও আশপাশের এলাকা পরিষ্কার করা হয়। এছাড়া আনসার ক্যাম্প সংলগ্ন এলাকাসহ বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জমে থাকা পানি অপসারণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, একই ধরনের পরিচ্ছন্নতা অভিযান বিমানবন্দরের আবাসিক এলাকাতেও সংশ্লিষ্ট এলোটিদের সমন্বিত অংশগ্রহণে পরিচালনা করা হবে।
কর্তৃপক্ষ আরও জানায়, চলতি বর্ষা মৌসুমজুড়ে ডেঙ্গু ও অন্যান্য রোগজীবাণুর বিস্তার রোধ এবং বিমানবন্দরের অবকাঠামো সুরক্ষায় এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি নিয়মিতভাবে পরিচালিত হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.