সন্দ্বীপে ডুবে যাওয়া বাল্কহেড থেকে ৪ ক্রুকে জীবিত উদ্ধার, কোস্ট গার্ডের যৌথ উদ্ধার অভিযান
চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট সংলগ্ন সমুদ্রে ডুবে যাওয়া একটি বাল্কহেড থেকে চারজন ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (২২ জুলাই) পরিচালিত যৌথ উদ্ধার অভিযানে তাদের নিরাপদে উদ্ধার করা হয়।
বুধবার (২২ জুলাই) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার সকাল ১১টার দিকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট সংলগ্ন সমুদ্রে একটি বাল্কহেডের তলা ফেটে পানি প্রবেশ করলে সেটি চারজন ক্রুসহ ডুবতে শুরু করে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ কোস্ট গার্ডের বিসিজি স্টেশন সন্দ্বীপ, কুমিরা ঘাটের সার্ভিস বোট এবং বাল্কহেডের মালিকপক্ষের সমন্বয়ে একটি যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
উদ্ধারকারী দলের সম্মিলিত প্রচেষ্টায় ডুবে যাওয়া বাল্কহেড থেকে চারজন ক্রুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধারের পর কোস্ট গার্ড সদস্যরা আহতদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করেন। পরে তাদের নিরাপদে বাল্কহেডের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, দেশের সমুদ্র উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জরুরি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.