মেয়রের মধ্যস্থতায় ৪৮ ঘণ্টার গাড়ি বন্ধ কর্মসূচি স্থগিত করল প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশন

১২

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের মধ্যস্থতায় ঘোষিত ৪৮ ঘণ্টার গাড়ি বন্ধ (লকআউট) কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশন।

সোমবার (২০ জুলাই) নগরের টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সংগঠনটির নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মেয়র আন্দোলনকারীদের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, মাত্রই নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। সংগঠনের দাবিগুলো বিবেচনার জন্য সরকারকে সময় দেওয়া প্রয়োজন। অর্থ ও পরিকল্পনামন্ত্রী ইতোমধ্যে বিষয়গুলো সম্পর্কে অবগত রয়েছেন এবং সরকারের পক্ষ থেকে দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। দেশের অর্থনীতি ও বন্দর কার্যক্রম সচল রাখতে গাড়ি বন্ধের কর্মসূচি প্রত্যাহারেরও আহ্বান জানান তিনি।

মেয়রের আহ্বানের পর বৈঠক শেষে সংগঠনের সভাপতি মো. আবু ছালেহ জুয়েল এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আনুষ্ঠানিকভাবে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

এর আগে সংগঠনটি সড়ক-মহাসড়কে পণ্য পরিবহন খাতের গুরুত্বপূর্ণ যানবাহন—প্রাইম মুভার ট্রেইলার, ফ্লাটবেড, লো-বেড, সেমি লো-বেড, ক্রেন ও হেভি ইকুইপমেন্টের ওপর অগ্রিম আয়কর ৫০ হাজার টাকা বৃদ্ধির প্রতিবাদ এবং দীর্ঘদিনেও ১১ দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় মঙ্গলবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার লকআউট কর্মসূচি ঘোষণা করেছিল।

সংগঠনের ১১ দফা দাবির মধ্যে রয়েছে সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধন, প্রাইম মুভার ও ফ্লাটবেড গাড়ির জন্য ওজন ও দূরত্বভিত্তিক সরকারি ভাড়া নীতিমালা প্রণয়ন, বিদ্যমান রেজিস্ট্রেশন জটিলতার সমাধান, মামলা ও হয়রানি বন্ধ, বিভিন্ন কর ও ফি একক ব্যবস্থার আওতায় আনা, অগ্রিম আয়কর ১০ হাজার টাকায় নামিয়ে আনা, চালকদের একবারেই পেশাদারি ভারী লাইসেন্স প্রদান, চট্টগ্রাম বন্দরে ট্রেইলার টার্মিনাল ও পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা এবং পণ্যবাহী যানবাহন ও চালক-হেলপারদের নিরাপত্তা নিশ্চিত করা।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ, আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর আবুল হাশেম, মহানগর বিএনপির সাবেক স্থানীয় সরকার সম্পাদক হাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বন্দর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হাসান, বিএনপি নেতা মোহাম্মদ হারুনসহ প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.