সৌদিতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাই নিহত, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের

সৌদি আরবের রাজধানী রিয়াদে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দুই সহোদর ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন ফয়েজ আহমেদ সজীব ও ফরহাদ হোসেন সুজন। তারা চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর খলিফার বাড়ি এলাকার কামারহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেকের ছেলে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে নিহতদের বাবা আব্দুল মালেক ও স্বজনরা বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে রিয়াদে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল নিয়ে ফেরার পথে সজীব ও সুজনের বহনকারী গাড়িকে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।

দুই ভাইয়ের মৃত্যুর সংবাদ দেশে পৌঁছালে পরিবার, আত্মীয়-স্বজন এবং চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।

স্থানীয়রা জানান, সজীব ও সুজন ছিলেন ভদ্র, পরিশ্রমী ও সবার প্রিয়। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে তারা সৌদি আরবে কর্মরত ছিলেন এবং সেখানে ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন।

নিহতদের বাবা আব্দুল মালেক বলেন, “সুখের আশায় দুই ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। এখন তাদের দুজনকেই হারালাম। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চাই।”

এদিকে চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, “ঘটনার বিষয়টি আমাদের জানা ছিল না। খোঁজ নিয়ে নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।”

পরিবারের একমাত্র দাবি, প্রয়োজনীয় সরকারি উদ্যোগের মাধ্যমে দ্রুত দুই ভাইয়ের মরদেহ দেশে ফিরিয়ে এনে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করা।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.