হালিশহরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে এমপি সাঈদ আল নোমান

চট্টগ্রামের হালিশহরের আই ব্লকের একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে তাৎক্ষণিক মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। মঙ্গলবার সকালে সংঘটিত এ অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের জন্য নগদ অর্থ, খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদান করেন তিনি।

জানা যায়, মঙ্গলবার সকালে হালিশহরের আই ব্লকের একটি পেশকার বাড়িতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পাঁচটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল ভস্মীভূত হওয়ায় পরিবারগুলো চরম বিপাকে পড়ে। অনেকেই দুপুরের খাবার এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়েন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন এবং পুনর্বাসনের আশ্বাস দেন। এ সময় ক্ষতিগ্রস্ত বসতঘর পুনর্নির্মাণের কাজ শুরু করতে তিনি নগদ এক লাখ টাকা অনুদান প্রদান করেন। পাশাপাশি পাঁচটি পরিবারের মোট ১৮ সদস্যের জন্য দুপুরের খাবার এবং প্রয়োজনীয় বস্ত্রের ব্যবস্থা করেন। এছাড়া ক্ষতিগ্রস্ত নারীদের মাঝে শাড়িও বিতরণ করা হয়।

অগ্নিকাণ্ডের পরপরই জনপ্রতিনিধির এমন দ্রুত সাড়া পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। তারা বলেন, দুর্যোগের মুহূর্তে সংসদ সদস্যের এই সহায়তা তাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস জুগিয়েছে।

স্থানীয় বাসিন্দারাও সাঈদ আল নোমানের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন। তাদের ভাষ্য, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তাৎক্ষণিকভাবে একজন জনপ্রতিনিধির এভাবে দাঁড়ানোর নজির খুব কম দেখা যায়। তারা আরও বলেন, প্রয়াত আব্দুল্লাহ আল নোমান যেভাবে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছিলেন, তার পুত্র সাঈদ আল নোমানও সেই ধারাবাহিকতা বজায় রেখে মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

এ সময় স্থানীয় বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.