জোরারগঞ্জে ২ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ, মাদক কারবারি গ্রেফতার
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬৭ হাজার ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০০ পিস ইয়াবার ভাঙা গুঁড়া এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তবে তার সহযোগী অপর একজন পালিয়ে গেছে।
পুলিশ জানায়, সোমবার (১ জুন) রাত ২টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার একটি দল বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় আল-নূর হাসপাতালের বিপরীত পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
এ সময় সন্দেহজনক একটি কালো রঙের এক্সিও প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়িটির ব্যাকডালার পেছনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬৭ হাজার ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬০০ পিস ইয়াবার ভাঙা গুঁড়া উদ্ধার করা হয়।
অভিযানে গ্রেফতার হওয়া বাবু মোল্লা (৪৫) চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩ লাখ ৪ হাজার টাকা। এছাড়া জব্দকৃত প্রাইভেটকারটির মূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.