বাঁশখালীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ২

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাছবোঝাই একটি পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।

সোমবার (১ জুন) সকাল ৭টার দিকে উপজেলার পিএবি সড়কের মনছুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জাহিদা ঘোনা এলাকার বাসিন্দা মো. বাহাদুর আলম (২৮) এবং বড় মহেশখালী ইউনিয়নের বাসিন্দা নোমান মোহাম্মদ ইলাহি (৩৫)। বাহাদুর আলম এক সন্তানের জনক ছিলেন এবং চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

আহতরা হলেন মনি বেগম (২৪) ও মো. হেলাল (২৩)।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আছরার উল্লাহ নূরী জানান, চারজন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হলে একজনকে মৃত ঘোষণা করা হয়। বাকি তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়।

বাঁশখালী থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে কক্সবাজারের মগনামা ঘাট এলাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে বাঁশখালী সড়কের মনছুরিয়া এলাকায় বিপরীতমুখী মাছবোঝাই পিকআপের সঙ্গে সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপ ও অটোরিকশা জব্দ করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.