আদ্–দ্বীন হাসপাতালে এক সাথে ৬ নবজাতকের মৃত্যু, স্বজনদের চলছে আহাজারি
রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে রহস্যজনক ঘটনায় ৬ নবজাতকের মৃত্যু হয়েছে| বুধবার (২৭ মে) ভোরে হাসপাতালটির দ্বিতীয় তলার পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে এ ঘটনা ঘটে|
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসলাইনে লিকেজ অথবা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এ মর্মান্তিক ঘটনা ঘটতে পারে| তবে প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ|
রমনা থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং হাসপাতালের বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে|
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান বলেন, “ছয়টি শিশু মারা যাওয়ার খবর পেয়েছি| ¯স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ আমরা হাসপাতালে গেছি | ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি| দ্রুতই বিস্তারিত তথ্য জানাতে পারব| সকাল ৬টা থেকে ৯টার মধ্যে শিশুদের মৃত্যু হয়েছে বলে জেনেছি|”
ঘটনার বিষয়ে হাসপাতালের পরিচালক অধ্যাপক নাহিদা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, যে ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে সেখানে ১১ জন মা ও ছয় নবজাতক ছিল| এটি হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ড|
তিনি জানান, “ডেলিভারির পর মা ও নবজাতকরা একই ওয়ার্ডে থাকে| যেহেতু এটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ওয়ার্ড, রাতে মায়েরা ঠান্ডা লাগার কথা বলে এসি বন্ধ করতে বলেন| রাত তিনটার দিকে দুটি শিশু অসুস্থ হয়ে পড়লে তাদের এনআইসিইউতে নেওয়া হয়| পরে চিকিৎসকেরা তাদের অবস্থা স্থিতিশীল জানিয়ে আবার ওয়ার্ডে পাঠানোর পরামর্শ দেন|”
নাহিদা ইয়াসমিন আরও বলেন, “সকাল ৬টার দিকে মায়েরা আবার শিশুদের অসুস্থ মনে হওয়ার কথা জানান| এরপর ছয় শিশুকেই এনআইসিইউতে নেওয়া হয়| এর মধ্যে দুই শিশু নেওয়ার পথেই মারা যায়| বাকি চার শিশুকে ভেন্টিলেটর সাপোর্ট দিয়ে বাঁচানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাদেরও মৃত্যু হয়|”
ঘটনার পর হাসপাতালে স্বজনদের আহাজারিতে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে| ¯স্বাস্থ্য অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটির কারণ অনুসন্ধানে কাজ করছে|
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.