চট্টগ্রাম বহিঃনোঙ্গরে জ্বালানি ও ভোজ্য তেল মজুত ঠেকাতে কোস্ট গার্ডের যৌথ অভিযান

জ্বালানি ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং মূল্য স্থিতিশীল রাখতে চট্টগ্রামের বহিঃনোঙ্গরে যৌথ অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড।

বুধবার (৮ এপ্রিল ২০২৬) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বৈশ্বিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। এসব পণ্য চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বিভিন্ন লাইটার জাহাজে সংরক্ষণ করা হয়েছে।

এ প্রেক্ষিতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম, নৌবাহিনী, নৌ পরিবহন অধিদপ্তর ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সমন্বয়ে বুধবার দুপুর ১২টা থেকে বহিঃনোঙ্গরে বিভিন্ন বাণিজ্যিক ও লাইটার জাহাজে অভিযান শুরু হয়েছে, যা চলমান রয়েছে।

কোস্ট গার্ড জানায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং মূল্য স্থিতিশীল রাখতে বন্দরে সার্বক্ষণিক নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি ৭২ ঘণ্টার বেশি কোনো লাইটার বা কোস্টার জাহাজকে নোঙরে অবস্থান করতে না দেওয়া, দ্রুত পণ্যবাহী জাহাজ গন্তব্যে পাঠানো এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.